ঢাকা সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


নোংরা পরিবেশ ও ক্ষতিকর রঙের ব্যবহার: মাগুরায় ‘হাজী’ ও ‘নান্না’ বিরিয়ানিকে জরিমানা


প্রকাশিত:
১০ মে ২০২৬ ১৮:৩৩

মাগুরা শহরের জনপ্রিয় দুই বিরিয়ানি হাউজ ‘হাজী বিরিয়ানি’ ও ‘নান্না বিরিয়ানি’ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ শহরের ওই দুই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, প্রতিষ্ঠান দুটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া বিরিয়ানিতে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে সঠিক নিয়ম না মেনে খাবার রাখা এবং কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় এসব অপরাধের জন্য ‘নান্না বিরিয়ানি’কে ১০ হাজার টাকা এবং ‘হাজী বিরিয়ানি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের আইন বহির্ভূত কাজ না করার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বিরিয়ানি হাউজ ছাড়াও শহরের অন্যান্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানেও তদারকি করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।