পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনকারী বিএনপিপন্থীদের ওপর আরেক অংশের হামলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসির অপসারণের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক অংশের বিরুদ্ধে। ভিসির পক্ষে স্থানীয় বিএনপিপন্থী একটি গ্রুপ এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
১১ মে (সোমবার) পূর্বনির্ধারিত আন্দোলন কর্মসূচী আচমকাই বিএনপিপন্থী গ্রুপটির হামলা চালিয়েছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। বিএনপিপন্থী ভিসি ও প্রোভিসির কোন্দলে ক্যাম্পাস অশান্ত হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনার পর এর প্রতিবাদে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা হামলার বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমি সরকারি একটি আয়োজনে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করছি। আমার অনুপস্থিতর সুযোগ নিয়ে একটি অংশ ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি ক্যাম্পাসে ফিরে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করব।’
