ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


কচুয়ায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে নারীর মৃত্যু


প্রকাশিত:
১১ মে ২০২৬ ১৭:৫১

চাঁদপুরের কচুয়ায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটে উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পদ্মা রানী ওই গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা স্বর্গীয় সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি খেতে বোরো ধানের কাজ করছিলেন পদ্মা রানী। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে একটি বজ্রপিণ্ড তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, আকস্মিক এই বজ্রপাতে পদ্মা রানীর মৃত্যুতে পুরো পরিবার স্তব্ধ হয়ে পড়েছে। তার এই অকাল মৃত্যুতে বড় হায়াতপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।