ঢাকা সোমবার, ১১ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩


বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা


প্রকাশিত:
১১ মে ২০২৬ ১৮:৫৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের এইচএফসি ফেজ-আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউনেপ কম্পোনেন্ট প্রকল্পের আওতায় কুমিল্লায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।

তিনি বলেন, কুমিল্লার পরিবেশগত বিভিন্ন সমস্যা কর্মশালায় উঠে এসেছে। এসব বিষয়ে ধাপে ধাপে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও কার্যক্রমে সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব, পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম ও আব্দুস সালাম।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুর বাশার ভূঁইয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান এবং রসায়ন বিভাগের প্রভাষক মো. তায়েদ মজুমদারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা এসির ব্যবহার কমানো, বহুতল ভবন নির্মাণে আইন মেনে চলা এবং উন্মুক্ত ডাস্টবিন ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কুমিল্লায় বায়ুদূষণকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।