জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইদুল, সম্পাদক মিঠু
নীলফামারীর জলঢাকা উপজেলা দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. সাইদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ১০২ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি: ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাইদুল আলম।
সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান মিঠু ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক: মো. মোনাব্বুল হক ৭৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জলঢাকার খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার সিরাজুল হক। এছাড়া আব্বাস আলী সরকারের নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন সার্বিক নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটার ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত কমিটি সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
