মাগুরায় বিএসটিআই লাইসেন্স ছাড়া ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: মুগ্ধ বেকারিকে জরিমানা
মাগুরার মহম্মদপুরে বিএসটিআই লাইসেন্স ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ মে) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স মুগ্ধ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই তদারকি অভিযানে দেখা যায়, মুগ্ধ বেকারি কোনো প্রকার বিএসটিআই লাইসেন্স ছাড়াই তাদের খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি, খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ও রাসায়নিক উপাদানের ব্যবহার এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কীকরণ আইন অমান্য করা এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
বেকারি অভিযানের পাশাপাশি ওই এলাকার অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানেও তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রয় না করা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সজল আহম্মেদ জানান, "জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই ধরণের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।
