ঢাকা শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড


প্রকাশিত:
১৪ মে ২০২৬ ১৬:৪২

দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের চকবেনারশী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চকবেনারশী গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নিজাম উদ্দিন ও আঃ মজিদ নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। আটককৃত নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে এবং আঃ মজিদ মৃত কোবাত আলীর ছেলে। আটকের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি উভয় আসামিকে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও হাজতি পরোয়ানা সম্পাদন শেষে তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।