চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। একইসাথে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: ইয়াছিন আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব মো: আব্দুল মতিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্মার্ট ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।”
অন্যান্য বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তাধারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে। বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একই সাথে বিজ্ঞান বিষয়ক একটি সেমিনারে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। মেলা চত্বরে বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এই আয়োজনের মধ্য দিয়ে জেলার খুদে বিজ্ঞানীদের মেধা বিকাশের নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করছেন।
