ঢাকা রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩


গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
১৬ মে ২০২৬ ১৮:৩৭

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পৃথক দুই স্থানে গলায় ফাঁস দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার গঙ্গাচড়া ও মর্ণেয়া ইউনিয়নে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের নিউ স্টার পাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (১৯) বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে এশার নামাজ আদায় শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তিনি ঝুলে আছেন। ধারণা করা হচ্ছে, ভোর রাত ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে সবার অজান্তে তিনি আত্মহত্যা করেন।

‎‎অপরদিকে, মর্ণেয়া ইউনিয়নের আনছারটারী নদীর ধার এলাকার বাসিন্দা অহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে অপি (৩৪) নিজ বসতবাড়ির টিনের তীরের সঙ্গে শাড়ির কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার জানান, “রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মুরাদ হোসেনের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনাতেই থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।