ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডাবলু


প্রকাশিত:
১৮ মে ২০২৬ ১৪:৩৫

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার তিন মাথার মোড়ে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মেহেদী আয়রন স্টোরের সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম আলী নূর ডাবলু (৫০)। তিনি মৃত ইতিম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলী নূর ডাবলু তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এসময় ৪টি মোটরসাইকেলে করে ৮ জন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম হাতের কনুইয়ের পাশের মাংসপেশিতে বিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

আহত আলী নূর ডাবলু জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের অনেকেই হেলমেট পরিহিত থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা পরিকল্পিতভাবে এসে দ্রুত গুলি চালিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার হাতে গুলি লাগলেও তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে এবং হামলায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রকাশ্যে এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।