ঢাকা মঙ্গলবার, ১৯শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


শিবগঞ্জে ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ট্রাকসহ আটক ১


প্রকাশিত:
১৯ মে ২০২৬ ১২:৪৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৮ মে) সকালে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া এলাকা থেকে ১৮০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে এসআই (নিঃ) গোপাল চন্দ্র মন্ডলের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল নিয়মিত টহল ও ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ পৌর এলাকার গাজী চেয়ারম্যানের মোড় এলাকায় অবৈধ পলিথিন ভর্তি একটি ট্রাক অবস্থান করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের চালক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত চালকের হেফাজতে থাকা ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১-৯০৭৩) তল্লাশি করে ভেতরে ৬০ বস্তা পলিথিন পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৫, তারিখ: ১৮/০৫/২৬) দায়ের করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ আটক চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।