সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
বগুড়ার সারিয়াকান্দিতে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও, তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করছে। এটি কৃষকদের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সম্রাট খান জানান, চলতি বোরো মৌসুমে সারিয়াকান্দি খাদ্য গুদামে মোট ১,৩১২ মেট্রিক টন চাল এবং ১,৪০৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হবে।
সংগ্রহ অভিযানের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, এই কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে। বরাবরের মতো এবারও ‘কৃষক অ্যাপস’-এ আবেদনের মাধ্যমে স্বচ্ছতার সাথে কৃষকরা তাদের উৎপাদিত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সম্রাট খান, সারিয়াকান্দি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।
