মাগুরায় অনলাইন জুয়ার সাব-এজেন্ট গ্রেপ্তার, উদ্ধার প্রায় ৩ লাখ টাকা
মাগুরায় অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা সদর থানাধীন কুচিয়ামোড়া ইউনিয়নের চাপড়া মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম ওই গ্রামের মো. আরোজ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়া সাইটের সাব-এজেন্ট হিসেবে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ব্যাংক ভিসা কার্ড, একটি পেনড্রাইভ এবং নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
