ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


কাহারোলে মুকুন্দপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ: ঈদে হাসিমুখ অসহায় মানুষের


প্রকাশিত:
২০ মে ২০২৬ ২০:৪৭

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সরকারি এ সহায়তা তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন।

এ সময় চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো—সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরাও যেন পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।”

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র, বিধবা, বয়স্ক ও নিম্নআয়ের পরিবারের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী নির্ধারিত পরিমাণ চাল স্বচ্ছতার সাথে তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

সরকারি এই সহায়তা পেয়ে দারুণ খুশি স্থানীয়রা। চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

চাল বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা সার্বিক সহযোগিতা করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়।