ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


মাগুরায় অটোরিকশাচালককে কুপিয়ে জখম, ক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ ও ভাঙচুর


প্রকাশিত:
২১ মে ২০২৬ ০০:৩৭

মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল (নামের এক অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় মাগুরা ঢাকা রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সোহেল পারনান্দুয়ালী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা রোড এলাকায় সোহেলের সঙ্গে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওই ব্যক্তি পাশে থাকা তাল বিক্রেতার ভ্যান থেকে তাল কাটার ধারালো অস্ত্র (দা) নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোহেল গুরুতর রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে, সহকর্মী অটোরিকশাচালককে কুপিয়ে জখম করার খবর ছড়িয়ে পড়লে অন্য চালকরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ঢাকা রোড এলাকায় সড়ক অবরোধ করেন এবং রাস্তার পাশে থাকা ফলের দোকানে ভাঙচুর চালান। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে তারা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।