প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষির আহ্বানে মণিরামপুরে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
আধুনিক, টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টিনির্ভর কৃষি উদ্যোক্তা তৈরির প্রত্যয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সনাতন পদ্ধতির পরিবর্তে প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করছে।
কংগ্রেসে পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এবং অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আবুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ, বিআরডিবি অফিসার বিশ্বজিৎ ঘোষ, আইসিটি অফিসার মোঃ রাজু আহমেদ, সমবায় অফিসার রনজিৎ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার পুলক কুমার সিকদার, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমান এবং উপসহকারী কৃষি অফিসার সঞ্জয় কুমার দাশ, মোঃ শফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, অচিন্ত ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
দিনব্যাপী এই আয়োজনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কীভাবে অধিক লাভবান হওয়া যায় এবং পুষ্টিনির্ভর চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষক ও সংশ্লিষ্টরা এই আয়োজনের মাধ্যমে কৃষি উন্নয়নের নতুন দিকনির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন।
