নজিপুর-গগনপুর সড়কে ধান মাড়াই: চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন
নজিপুর টু গগনপুর আঞ্চলিক সড়কটির ওপর প্রকাশ্যেই চলছে ধান মাড়াইয়ের কাজ। পাকা সড়কের ওপর আড়াআড়িভাবে আস্ত ধান মাড়াইয়ের মেশিন (বঙ্গা) বসিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই ব্যস্ততম সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা চরম চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শনিবার (২৩ মে) সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশ জুড়ে ধানের শীষ স্তূপ করে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক সেখানে ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। মাড়াই কলের বিশাল বডির কারণে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার কোনো উপায় নেই।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, ধান কাটার এই মৌসুমে প্রতি বছরই রাস্তার ওপর এভাবে ধান মাড়াইয়ের মহোৎসব চলে। এতে করে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইকসহ জরুরি সেবার যানবাহনগুলোও আটকা পড়ছে। অনেক সময় বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রাস্তায় যাতায়াত করতে হচ্ছে।
ভুক্তভোগী এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তা তো ধান মাড়াইয়ের চাতাল না। প্রকাশ্য দিবালোকে এভাবে প্রধান সড়ক বন্ধ করে কাজ করার পরও প্রশাসনের কোনো নজরদারি নেই। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ব্যস্ততম এই আঞ্চলিক সড়কটিতে স্বাভাবিক ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করেছেন সচেতন মহল।
