কিশোরগঞ্জে যুবক হত্যার ছয় দিনেও গ্রেফতার হয়নি আসামিরা, ক্ষুব্ধ এলাকাবাসী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা উপজেলার লোহাজুরি ইউনিয়নের পূর্ব চরপাড়াতলা গ্রামে আনোয়ার (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে হত্যার ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আনোয়ারের সঙ্গে তার চাচা মরম আলীর জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-দরবার হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
অভিযোগ রয়েছে, গত ১৫ মে শুক্রবার দুপুরে মরম আলী তার ছেলে ও সহযোগীদের নিয়ে আনোয়ারকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে লোহার রড, লাঠিসোঁটা দিয়ে দীর্ঘ সময় মারধর করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পূর্ব চরপাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তার মৃত্যু হয়।
নিহতের বড় বোন সালমা আক্তার অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমার চাচা মরম আলী ও তার ছেলেরা। ঘটনার পর থেকেই আমরা পুলিশের গাফিলতি দেখতে পাচ্ছি। ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনসহ এলাকাবাসীর অনেকেই জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তাদের আশঙ্কা। দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আশা করছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।”
