ঢাকা শনিবার, ২৩শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে, এলাকায় উত্তেজনা


প্রকাশিত:
২৩ মে ২০২৬ ১৭:২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ব্যক্তিগত আক্রোশ ও পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ বকুল হোসেন (৩৮) নামে স্থানীয় এক বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত বকুল হোসেন ছাতারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে এবং তিনি স্থানীয় ছাতারপাড়া ওয়ার্ড বিএনপি’র ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বকুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত ও জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর নিকটতম আত্মীয়-স্বজনরা জানান, দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতা ও ক্ষোভ থেকে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুল ইসলাম বলেন, “ঘটনার কথা আমরা জেনেছি। ভুক্তভোগীর পরিবার আমাদের বিষয়টি অবগত করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।”

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।