চট্টগ্রামের ইউনানী-আয়ুর্বেদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন
চট্টগ্রামে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন এবং চিকিৎসকদের অধিকার আদায়ের লক্ষ্যে ‘ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ সমিতি’র ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২২ মে শুক্রবার বিকেলে নগরীর মুরাদপুরে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত হাকীম ও কবিরাজদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের এই কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন বর্তমানে তাদের দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। হাকীম সমাজের ভাগ্যোন্নয়নে কার্যকর কোনো আন্দোলনের পরিবর্তে একটি বিশেষ মহলের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় এসোসিয়েশন কাজ করছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের দ্বৈত ভূমিকার কারণে এই প্রাচীন চিকিৎসা বিজ্ঞান কাঙ্ক্ষিত বিকাশ লাভ করতে পারছে না।
নতুন কমিটির নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই কল্যাণ সমিতি কেবল নামসর্বস্ব কোনো সংগঠন নয়, বরং এটি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকে পুনরুজ্জীবিত করার একটি বিপ্লব। চাঁদা তোলা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল নয়, বরং সাধারণ হাকীমদের মানোন্নয়ন ও এই চিকিৎসা বিজ্ঞানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
কমিটিতে সভাপতি হিসেবে হাকীম মুহাম্মদ আইয়ুব এবং সাধারণ সম্পাদক হিসেবে হাকীম মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মেডিক্যাল অফিসার হাকীম আয়াতুল ইসলাম, সহ-সভাপতি পদে হাকীম ডা. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, হাকীম লিটন চন্দ্র দাশ, ডা. হাকীম নাছির উদ্দীন, হাকীম রফিকুল আমিন ও হাকীম অপুজিৎ সুশীল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাকীম মুহাম্মদ সোলাইমান। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কবিরাজ প্রদীপ কুমার দাস এবং অর্থ সম্পাদক হয়েছেন হাকীম মুহাম্মদ ইকবাল।
এছাড়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম মুহাম্মদ সেলিম, দপ্তর সম্পাদক হাকীম মুহাম্মদ সানাউল্লাহ (নুরী) এবং মহিলা সম্পাদিকা হিসেবে হাকীম প্রমা চাকমাকে মনোনীত করা হয়েছে। কমিটিতে ১৩ জন কার্যনির্বাহী সদস্য এবং ৪ জন বিশিষ্ট হাকীমকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
সভার শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নতুন এই কমিটি হাকীম সমাজের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
