ঢাকা শনিবার, ২৩শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


লবণচরায় ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার


প্রকাশিত:
২৩ মে ২০২৬ ২১:২৩

খুলনার লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ মে) বিকেল ৪টা ৩৫ মিনিটে লবণচরা এলাকার জিরোপয়েন্ট থেকে রূপসা সেতুগামী দারোগার লীজ নামক বিশ্বরোড পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানার এসআই (নিঃ) খান মোঃ তানজীর হোসেন ও এসআই (নিঃ) পীযূষ দাশের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় নারী কনস্টেবল রেশমা, কনস্টেবল মো. আলামিন হোসেন ও কনস্টেবল মো. অমিত হাসান উপস্থিত ছিলেন।

অভিযানকালে শিমু আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকার বাসিন্দা। আটককৃতের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লবণচরা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।