ঢাকা শনিবার, ৬ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩


ধামইরহাটে পল্লী বিদ্যুতের তিন কর্মকর্তার বিরুদ্ধে মিটার খুলে চাঁদা দাবির অভিযোগ


প্রকাশিত:
৫ জুন ২০২৬ ২০:৫৬

নওগাঁর ধামইরহাটে ক্ষমতার অপব্যবহার করে এক গ্রাহকের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তার বিরুদ্ধে। ঘুষের টাকা না দেওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীর ধান ভাঙা মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বন্ধ হয়ে গেছে তার আয়ের একমাত্র উৎস। এর ফলে ভুক্তভোগী ওই ব্যবসায়ী বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে আজ শুক্রবার সকালে ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভুট্টু ধামইরহাটে একটি ধান ভাঙা মিল পরিচালনা করে আসছিলেন। গত মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তা তার মিলে গিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন। জাহিদুল ইসলাম ভুট্টু ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে তার মিলের মূল বৈদ্যুতিক মিটারটি খুলে নিয়ে যান। ফলে গত মঙ্গলবার থেকেই মিলটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও চাঁদা দাবির ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার সকালে ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসাধু কর্মকর্তা সাধারণ গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের অন্যায় ও দুর্নীতিমূলক আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভুট্টুর মিলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জোর দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।