ঢাকা শনিবার, ৬ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩


পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতাই বড় শক্তি: জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত


প্রকাশিত:
৫ জুন ২০২৬ ২১:০৯

‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আসুন আমরা সচেতন হই’—এই স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরব ছিল জাতীয় প্রেসক্লাব। হিডস্ লিগ্যাল এইডস্, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং জাতীয় নারী সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার নতুন বার্তা নিয়ে সমবেত হয়েছিলেন বিশিষ্টজনেরা। আলোচনা সভার মূল সুর ছিল পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং তৃণমূল পর্যায় তথা পরিবার থেকে সচেতনতা তৈরির আহ্বান।

বক্তারা জোর দিয়ে বলেন, টেকসই পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কেবল বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার অপরিহার্য শর্ত। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও কবি নাসরিন ইসলাম শেলী বলেন, “গাছই আমাদের প্রাণ, যা কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে আমাদের অক্সিজেন দেয়। বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”

প্রধান অতিথি হিসেবে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমউদ্দিন আল-আজাদ পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিকভাবে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রদূত আরটিএন. মসউদ মান্নান। এছাড়াও সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসাইন তার বক্তব্যে পরিবেশ রক্ষায় বীরত্বপূর্ণ মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা ও সমন্বয় করেন মিডিয়া ব্যক্তিত্ব ও নিরপেক্ষ পত্রিকার যুগ্ম সম্পাদক আতা উল্লাহ খান। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার এবং জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি হাসিনা মমতাজ হাসি। এছাড়াও পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় নারী সাহিত্য পরিষদের আবৃত্তিকার সালমা শারমিন, রাস্না হিমেল, নজরুল গবেষক অধ্যাপক ড. শহীদ মঞ্জু এবং সাংবাদিক হাসান মাহমুদ।

অনুষ্ঠানের শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে চারা গাছ রোপণ করেন অতিথিরা। এই বৃক্ষরোপণের মাধ্যমেই মূলত ভবিষ্যতের সবুজ পৃথিবীর প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। বক্তারা একযোগে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ আন্দোলন ছড়িয়ে দেওয়ার দৃঢ় আহ্বান জানান।