ঢাকা রবিবার, ৭ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩


গঙ্গাচড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ জুন ২০২৬ ২০:৫৪

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার “সু-স্বাস্থ্য আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

অধ্যক্ষ (অব.) ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমানের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আঃ নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি সদস্য মোঃ রাজা মিয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ নুরজ্জামান এবং সাংবাদিক মোঃ আঃ বারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিল হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বাস্থ্য পরীক্ষা করতে ক্যাম্পে ভিড় করেন। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করায় স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

এসময় অতিথিরা বলেন, বর্তমান সময়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নীরব ঘাতক হিসেবে পরিচিত। তাই সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সচেতনতা ও মানবসেবামূলক এ আয়োজন স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।