স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি জনি গাজী গ্রেপ্তার
খুলনার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জনি গাজী (২৯)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ঘটনার পর প্রায় এক মাস ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জনি গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি ডুমুরিয়া থানায় দায়ের হওয়া স্ত্রী হত্যার মামলার প্রধান আসামি।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে জনি গাজী তার স্ত্রী বিথি আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বিথি আক্তার গুরুতর দগ্ধ হন।
তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা অপুর গাজী ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জনি গাজী পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জনি গাজীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
