কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে শহরের কালিবাড়ি মোড়ে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোডের বাসিন্দা ও বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছেন। তবে একটি প্রভাবশালী মহল তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ ওঠে। বক্তাদের দাবি, একই এলাকার গোলাপ মাস্টারের ছেলে সাইদুর রহমান লনি এবং ফখরুদ্দীনের ছেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি নামমাত্র মূল্যে জমি বিক্রির জন্য রিপন চন্দ্র সূত্রধরের ওপর চাপ প্রয়োগ করেন। তিনি এতে সম্মতি না দেওয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও বলেন, একটি সংখ্যালঘু পরিবারের ওপর এ ধরনের চাপ ও হুমকির ঘটনা উদ্বেগজনক। তারা অবিলম্বে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ সম্পত্তিতে বসবাস করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে হিন্দু যুব মহাজোট, ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে দাবিসমূহ উল্লেখ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করবে।
