রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
খুলনার বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় সংঘটিত আলোচিত রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া বেগম। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুফিয়া বেগম বলেন, রাসেদ হত্যা মামলার সঙ্গে তাদের পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারের সদস্যদের মামলায় আসামি করা হয়েছে। এর ফলে তারা সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
তিনি জানান, মামলায় তার স্বামী হরমুজ হাওলাদার, শ্বশুর হাফেজ হাওলাদার, বড় ছেলে মন্টু হাওলাদার (৪০), মেজ ছেলে মিন্টু হাওলাদার (৩৫) এবং নাতি অনিক হাওলাদার (১৮)-কে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সুফিয়া বেগমের ভাষ্য, পারিবারিক বিরোধের জের ধরে তাদের পরিবারের সদস্যদের মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, প্রকৃত ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো যোগসূত্র নেই এবং অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে মামলাটির সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তাদের একমাত্র দাবি হলো প্রকৃত ঘটনা উদঘাটন, প্রকৃত অপরাধীদের বিচার এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্তি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের শেষে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
