ঢাকা রবিবার, ২৬শে জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ ১৪৩৩


গাইবান্ধায় সীমানা বিরোধে প্রতিবেশীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত


প্রকাশিত:
৮ জুন ২০২৬ ১৩:০৮

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী ফাহমিদ রুমন নিহত হয়েছে। ঘটনায় অপর ভাই ফারদিন রুহিত গুরুতর আহত।

রোববার আনুমানিক রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনীর পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ও আহত তার সহোদর ফারদিন রুহিত ওই এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে।

আহত ফারদিন রুহিত জানান, বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার সাথে তাদের বিরোধ চলছিলো। সম্প্রতি তারা আমিন দিয়ে পরিমাপ করে তাদের বাড়ির সীমানা নির্ধারণ করে নেয়। নির্ধারিত সীমানায় দেয়াল তুলতে গেলে প্রতিবেশী ছানা মিয়া বাধা দেয় এবং তার মা ও ছোটভাই রুমনকে মারধর করে।

স্থানীয়রা জানান, রুহিত গার্মেন্টস কর্মী ঢাকা থেকে ফিরে আজ রাতে ছানা মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তার ছেলে রাকিব রুহিত ও রুমনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত দুই ভাইকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া জলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন।

এইহত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ত্রিমোহনী পেয়ারাপুর গ্রামে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করতে থাকে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান যে, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি এই নৃশংস হামলার ঘটনায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই জোরদার অভিযান শুরু করেছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।