ঢাকা মঙ্গলবার, ৯ই জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩


সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১


প্রকাশিত:
৮ জুন ২০২৬ ১৩:৪৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে সিংগাইর থানার জিয়ানগর (বান্দাইল) গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরি হয়।এ চুরির ঘটনায় নিহত রাজিব জড়িত থাকার অভিযোগ উঠে যে- রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকেন এবং আরও চার-পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করেন। ঘরে ঢুকে প্রায় ৪ লাখ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করে রাজিব। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে প্রতিহত করার চেষ্টা করলে তার সঙ্গে রাজিবের ধস্তাধস্তির ঘটনা ঘটে।এ ঘটনার পর পরই এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।