গর্ভপাত করতে রাজি না হওয়ায় ধামইরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কু-পি-য়ে জ-খ-ম!
নওগাঁর ধামইরহাটে গর্ভের সন্তান নষ্ট (গর্ভপাত) করতে রাজি না হওয়ায় স্বপ্না আক্তার (২৫) নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। পাষণ্ড স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে যৌথভাবে এই বর্বর হামলা চালিয়েছে বলে জানা গেছে।
গত সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার বেনীদুয়ার গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বেনীদুয়ার গ্রামের মো. শাকিল হোসেনের স্ত্রী স্বপ্না আক্তার বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু গর্ভের এই সন্তানটি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে চাপ দিয়ে আসছিলেন তার স্বামী শাকিল হোসেন, শ্বশুর মো. আবু হাকিম (৫০) এবং শাশুড়ি সাবিনা বেগম। স্বপ্না আক্তার সন্তানের জীবন রক্ষার্থে তাদের এই অনৈতিক দাবিতে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে।
তারই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ি ক্ষিপ্ত হয়ে স্বপ্নার ওপর চড়াও হন। ভুক্তভোগীর অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন এবং বেধড়ক মারধর করেন। স্বপ্নার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
একজন অন্তঃসত্ত্বা নারীর ওপর এমন অমানবিক ও নৃশংস হামলার ঘটনায় বেনীদুয়ার গ্রামসহ পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এখনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাটির ওপর নজর রাখছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
