ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ


প্রকাশিত:
৯ জুন ২০২৬ ১৭:০৭

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন লেলিন হাওলাদার (৩৪), হোসেন মুন্সি (২৪), নয়ন (২২) ও হাফিজুল ওরফে সোহেল (৪০)।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে খুলনা সদর থানার চানমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজি, হত্যা, অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানার অস্ত্র আইনের একটি মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের অপরাধ তথ্যভান্ডার পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে লেলিন হাওলাদারের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ছিনতাইসহ ১৩টি মামলা রয়েছে। হোসেন মুন্সির বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যাচেষ্টাসহ ৫টি মামলা, হাফিজুল ওরফে সোহেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও হত্যাচেষ্টাসহ ৩টি মামলা এবং নয়নের বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা রয়েছে।

খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।