ঢাকা বুধবার, ১০ই জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব


প্রকাশিত:
৯ জুন ২০২৬ ১৮:২৪

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের আলোক কোরে-২ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট আন্দ্রে ব্যাসেট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা রেবেরু সিওয়াইসি, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, সাবেক এলএমসি সভাপতি ব্রুটিন কুমার ম্রং, কারিতাসের মাঠ কর্মকর্তা অতুল ম্রং, সদস্য রুমেল মৃ, এলএমসির সাধারণ সম্পাদক জয় দাংগোসহ প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা এবং অগ্নিসংযোগের ফলে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন উজাড়ের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় কৃষিকাজে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে উপকারী পোকামাকড় সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে পলিথিনের ব্যবহার কমানো এবং বজ্রপাতের ঝুঁকি হ্রাসে বেশি করে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবেশ সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণই একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।