ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৪ ১৮:৪১

 

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় শহীদ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রজনতার পক্ষে কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবী উপস্থাপন করেন, শহীদ আসিফের ভাই মো. রাকিব হোসেন।

৪ দফা দাবীতে বলা হয়-
ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারকে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক টিমের মধ্য হতে বক্তব্য রাখেন সমন্বয়ক নাজমুল হাসান রনি, ইব্রাহিম খলিলুল্লা, ইমরান হোসেন, সোহাইল মাহদিন, সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ প্রমুখ।