ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩


নাসিরনগরে চাচা-ভাতিজার বিরোধের জেরে মাদ্রাসায় তালা, বসতবাড়ি লুটপাট


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ২১:৫৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে চাচা-ভাতিজার পারিবারিক বিরোধের জেরে একটি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলার ভলাকুট ইউনিয়নের বালীখোলা গ্রামের ঘটনা এটি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে চাচা বশীর আহাম্মদ ও তার ভাতিজা সালাম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ জুন বশীর আহাম্মদের বসতঘরে হামলা ও লুটপাট চালানো হয়। পাশাপাশি তার ফার্মেসি দোকান ও বালিখোলা গাউছিয়া মীরানিয়া সুন্নিয়া নূরানী মহিলা মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বশীর আহাম্মদ অভিযোগ করে বলেন, আমার বড় ভাই হোসেন আহাম্মদের সাত ছেলে। তাদের মধ্যে সালাম মিয়ার নেতৃত্বে কালাম, মালম, কাপ্তান, আনা মোল্লা, বাবুল ও মামুন দীর্ঘদিন ধরে আমার ওপর অত্যাচার করে আসছে। আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াই তাদের ভয়ে।

ভলাকুট ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তৈয়ব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা ও ফার্মেসিতে তালা দেওয়া, বসতভিটা ও জমি দখল, এমনকি ফসলি জমি থেকে ধান কেটে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সালাম ঢাকা থেকে এলেই এসব ঘটায়।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত দ্বন্দ্ব বহুদিন ধরেই চলে আসছে। বিষয়টি মীমাংসার জন্য কয়েকবার সালিশ ডাকা হলেও তা ব্যর্থ হয়েছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ অস্বীকার করে সালাম মিয়া বলেন, মাদ্রাসায় তালা দেওয়ার অভিযোগ সঠিক নয়। ঈদের ছুটির কারণে মাদ্রাসা এমনিতেই বন্ধ রয়েছে। বরং বশীর আহাম্মদ আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ১১ জুন তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

এবিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খাইরুল ইসলাম জানান, জায়গা-জমি নিয়ে দুপক্ষের বিরোধ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।