ঢাকা শুক্রবার, ১৫ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩


নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নতুন কমিটি ঘোষণা


প্রকাশিত:
১৪ মে ২০২৬ ১৭:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কর্মকর্তা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ১১মে তারিখে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় এবং ১২ মে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব মো: এনামুল হক সভাপতি এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন (স্বপন) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সভাপতি মো: এনামুল হক বলেন, "৫ আগষ্ট পরবর্তী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদ না থাকায় কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হচ্ছিল। ইতোপূর্বে কর্মকর্তা পরিষদ গঠনের জন্য কর্মকর্তাদের মধ্যে মতানৈক্য থাকায় পরিষদ গঠন করা সম্ভব হয়নি। পরিশেষে ১১ মে নির্বাচন কমিশনের আহবানকৃত সভায় সকল কর্মকর্তার ঐক্যমতের ভিত্তিতে আমাকে সভাপতি এবং জনাব দেলোয়ার হোসেন কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করে আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য ক্ষমতায়িত করা হয়েছে। ইতোমধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি তার যোগ্য নই বলে আমি মনে করি। আমি স্বল্প সময়ে তাদের এই ভালবাসার প্রতিদান দেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আশা করি কর্মকর্তাবৃন্দ আমার পাশে থাকলে তাদের যে কোন যৌক্তিক দাবি আদায়ে আমার কমিটি সবোর্চ্চ ভূমিকা নিবে ইনশাআল্লাহ।"

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন (স্বপন) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আলহামদুলিল্লাহ! বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ নির্বাচনে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয় আমার একার নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তার জয়। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া আমাকে যে সম্মানের আসনে বসিয়েছে, আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। আমি আনন্দের সাথে এই দায়িত্ব গ্রহণ করছি এবং আপনাদের অধিকার আদায়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করছি।"

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: সহ-সভাপতি এস এম কাউসার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক  মাহমুদুর রহমান আনসারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: রাশেদ মিয়া। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আরও ৭ জন কর্মকর্তা স্থান পেয়েছেন। 

উল্লেখ্য, ১২ মে ২০২৬ তারিখে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো: হাফিজুর রহমান এবং নির্বাচন কমিশনার মো: আব্দুল্লাহ আল মামুন ও কৃষিবিদ এ কে এম আনিছুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।