২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা: ৭ জানুয়ারি এসএসসি ও ৬ জুন শুরু হচ্ছে এইচএসসি
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি এবং ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরীক্ষার তারিখ ঘোষণা করেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
শিক্ষামন্ত্রী জানান, সরকার প্রথমে পরীক্ষাগুলো চলতি বছরের ডিসেম্বর মাসেই নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের আপত্তির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার তারিখ কিছুটা পিছিয়ে নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে বিস্তারিত রুটিন তৈরির কাজ শুরু করেছে। খুব দ্রুতই পূর্ণাঙ্গ রুটিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যে উদ্বেগ থাকে, এই আগাম ঘোষণার ফলে তা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
