২০ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসনে সরকার গঠনের প্রেক্ষাপটে টানা ২০ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।
স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রার সূচনা করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশের ৫৬তম বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আকার হবে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার মত।
সর্বশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের শেষ অর্থ বছর ২০০৬-২০০৭ সালে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদে বাজেট উপস্থাপন করেছিলেন।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার নির্বাচিত সরকার সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে।
গত বছর সংসদের বাইরে বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির মাধ্যমে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের অন্তর্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন।
২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
২০২৪-২৫ অর্থবছর ছাড়াও সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন।
এর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের ১৬ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসকসহ) ৫৫টি বাজেট উপস্থাপন করেছেন।
তিন মেয়াদে সর্বোচ্চ বারোটি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিতের।
১৯৭৬-৭৭ সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হওয়ার পর প্রথম তিন বছর জিয়াউর রহমান নিজেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে এবং ১৯৭৯-৮০ এমএন হুদা একবার এবং ১৯৮০-৮১ সাল থেকে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকারের অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান ১২ বার সব মিলে মোট ১৬ বার বাজেট উপস্থাপন করেন।
আওয়ামী লীগের পাঁচ মেয়াদে তাজউদ্দিন আহমেদ তিন বার, আজিজুর রহমান একবার, আবুল মাল আবদুল মুহিত টানা ১২ বার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন।
