ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


রাজধানীর পশুর হাটে ব্যবসায়ীদের আগাম ভিড়: জায়গা দখলের লড়াইয়ে কুষ্টিয়ার খামারিরা


প্রকাশিত:
২০ মে ২০২৬ ১৮:২১

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও রাজধানীর পশুর হাটগুলোতে শুরু হয়েছে ব্যবসায়ীদের আনাগোনা। নির্ধারিত সময়ের আগেই হাটের জায়গা দখল ও পশুর স্থান নিশ্চিত করতে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে হাটে পৌঁছাতে শুরু করেছেন। হাটে জায়গা না পাওয়ার ভয় ও পরিবহন জটিলতা এড়াতেই এই আগাম প্রস্তুতির পথে হাঁটছেন বিক্রেতারা।

বুধবার (২০ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, খামারিরা এরইমধ্যে শতাধিক গরু নিয়ে অবস্থান নিয়েছেন। কুষ্টিয়া থেকে আসা ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা জায়গা বুঝে নিতে এবং ট্রাক ভাড়া ও যাতায়াত ব্যবস্থাপনার সুবিধার্থেই আগেভাগেই ঢাকা পৌঁছেছেন।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর হাটে আসা প্রতিটি ব্যবসায়ী দল ১০টি থেকে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছেন। কুষ্টিয়া থেকে আসা ব্যবসায়ী মো. লোকমান মিয়া জানান, তিনি কুষ্টিয়া থেকে ২০টি দেশি গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, “হাটে জায়গা না পাওয়ার ভয়ে আমরা আগেই চলে এসেছি। তাছাড়া ট্রাক মালিকদের সঙ্গে আগে থেকে চুক্তি থাকা এবং পশুর নিরাপত্তা নিশ্চিত করতে আগাম আসা ছাড়া উপায় ছিল না।”

শামীম নামে আরেক ব্যবসায়ী জানান, তাদের একটি দল কুষ্টিয়া থেকে প্রায় ৩০০ গরু নিয়ে এসেছে। এগুলো উত্তরা, গাবতলী ও কমলাপুরের অস্থায়ী হাটে ভাগ করে বিক্রির জন্য তোলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পশু বিক্রি হয়নি; শুক্রবার (২২ মে) থেকে পুরোদমে কেনাবেচা শুরু হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার মোট ২৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি করে হাট নির্ধারিত হয়েছে। নিয়ম অনুযায়ী, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এই হাটগুলোতে পশু কেনাবেচা হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগে ব্যবসায়ীদের এই উপস্থিতি জানান দিচ্ছে, পশুর হাটে ব্যবসায়ীদের প্রতিযোগিতার মাত্রা এবার বেশ আগেভাগেই শুরু হয়েছে।

এখন পর্যন্ত কমলাপুরের হাটে শুধু গরু নিয়ে আসতে দেখা গেলেও ছাগল বা অন্যান্য পশু এখনো পৌঁছায়নি। সরকারি নিয়ম ও সিটি কর্পোরেশনের নীতিমালা মেনেই ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। তবে আগাম পশু চলে আসায় রাজধানীর পশুর হাটগুলোতে এখন থেকেই ঈদের আমেজ তৈরি হতে শুরু করেছে।