ঢাকা রবিবার, ৩১শে মে ২০২৬, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ঈদের ছুটি শেষ হওয়ার পথে, ঢাকার ফিরতি যাত্রায় এখনো নেই বাড়তি চাপ


প্রকাশিত:
৩০ মে ২০২৬ ১২:১১

ঈদুল আজহার তৃতীয় দিনে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে রাজধানীমুখী যাত্রায় এখনো দেখা মেলেনি প্রত্যাশিত ভিড়। ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে মানুষজন স্বাভাবিকভাবেই ফিরছেন রাজধানীতে। গণপরিবহনে যাত্রীচাপ কম থাকায় যাত্রীরাও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা বাসগুলোতে যাত্রীদের সংখ্যা ছিল স্বাভাবিক। ঈদে ঘরমুখো মানুষের যে তীব্র ভিড় দেখা গিয়েছিল, ফেরার পথে তার উল্টো চিত্র। কোথাও অতিরিক্ত যাত্রী বা দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি পোহাতে হচ্ছে না সাধারণ মানুষকে। বাসস্ট্যান্ডগুলোতে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করার দৃশ্যও ছিল স্বাভাবিক সময়ের মতোই।

শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাসের হেলপার রবিউল ইসলাম বলেন, “এখনও পুরোপুরি ফিরতি চাপ শুরু হয়নি। যাত্রীরা আসছেন, তবে বাসে অতিরিক্ত ভিড় নেই। ভাড়া আগের মতোই স্বাভাবিক রাখা হয়েছে, বাড়তি কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই।”

আরেক বাসকর্মী রিফাত হাওলাদার জানান, ঈদের পর সাধারণত কয়েক দিন পর ফিরতি যাত্রী বাড়া শুরু করে। আজ যাত্রী থাকলেও সেটি চাপের পর্যায়ে পড়েনি। তবে ধারণা করা হচ্ছে, আজ বিকেল থেকেই বাসে চাপ বাড়তে শুরু করবে।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি এখনো চলমান। বড় একটি অংশ এখনো পরিবার-পরিজনের সঙ্গে গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন। ফলে অফিস-আদালত খোলার আগের দিনগুলোতে রাজধানীমুখী যাত্রীদের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি কাটাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ছুটি ২৫ মে শুরু হয়ে আগামী ৩১ মে (রোববার) পর্যন্ত চলবে। ছুটির শেষ দিকে ঘরফেরা মানুষের ভিড় বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।