ঢাকা শনিবার, ৬ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩


৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির


প্রকাশিত:
৫ জুন ২০২৬ ১৯:২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করেছে।

‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামের এই বাজেটে জনকল্যাণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের চেয়ে ৬২ হাজার ১৫৭ কোটি টাকা বেশি। তবে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক শূন্য ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। এনসিপি নেতারা জানান, মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে এবং পরবর্তী বছরে ৬ শতাংশে নামিয়ে আনা তাদের প্রধান লক্ষ্য। রাজস্ব-জিডিপি অনুপাত বাড়াতে বিদ্যুৎ সংযোগের সঙ্গে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা, সম্পদ কর চালু এবং বন্দর ডিজিটালাইজেশনের মতো পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। আয়করমুক্ত সীমা বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার পাশাপাশি করপোরেট কর ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও রাখা হয়েছে।

শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ খাতে ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দলটির নেতারা বলেন, ৫ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে যুব উদ্যোক্তা তহবিল ও ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। স্বাস্থ্য খাতে ২৫ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ৫২ হাজার ৩৩৮ কোটি টাকা এবং জাতীয় স্বাস্থ্য বিমা চালুর কথা বলা হয়েছে।

এছাড়া কৃষি, নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাংক খাত সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। তিনি বলেন, তাদের ৭১ দফা সংস্কার প্রস্তাব দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের রোডম্যাপ। তিনি আরও বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে টেকসই করা সম্ভব।