ঢাকা শনিবার, ২৩শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জুলাই আন্দোলনের খুনিদের স্থান এদেশে নেই


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১৪:০১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা থাকতে জুলাই আন্দোলনের খুনিদের বাংলাদেশে কোনো স্থান নেই। তিনি বলেন, দেশ যতক্ষণ না ঠিক হচ্ছে, তরুণরা তাদের আন্দোলন চালিয়ে যাবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা যদি ব্যর্থও হই, ফারহান ফাইয়াজের মতো তরুণরাই দেশকে এগিয়ে নেবে। জাতি পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে। আমাদের যদি নর্দমায় ফেলেও দেওয়া হয়, তরুণরা তাদের পথ চিনে নেবে।

তিনি জুলাই আন্দোলনকে ‘গণবিপ্লব’ আখ্যা দিয়ে বলেন, এটা তরুণদের বিপ্লব। এরা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।

ফারহান ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি। শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে, তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহংকারে কথা বলছে, কিন্তু আমরা থাকতে তাদের এদেশে ঠাঁই মিলবে না, বলেন শফিকুল আলম।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, জুলাই আন্দোলন একটি অর্গানিক বিপ্লব। অনেকেই এটাকে নানা ভাবে ব্যাখ্যা করছেন। তবে তিনি মনে করেন, একটি ঘোষণাপত্র বা ইশতেহারের অভাবে এই আন্দোলন পূর্ণাঙ্গ গণবিপ্লব হয়ে উঠতে পারেনি।

মাহিন সরকার আরও যোগ করেন, ফাইয়াজ বিপ্লবের নেতা হতে পারেননি, তিনি ছিলেন গণ-অভ্যুত্থানের এক দফার প্রতীক। তিনি যদি বিপ্লবের নেতা হতে পারতেন, তাহলে শহীদ পরিবারগুলোর বিচারহীনতার আক্ষেপ থাকত না।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই, শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তির পতন ঘটতে শুরু করলে, তৎকালীন সরকার পুলিশ বাহিনীকে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশ দেয়। সেই রক্তঝরা দিনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে প্রাণ দেন।