কাল দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, অকাল প্রয়াণে কাঁদছে শোবিজ অঙ্গন
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও উদীয়মান অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো শোবিজ অঙ্গন। হাসোজ্জ্বল ও প্রাণবন্ত এই তরুণীকে শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষায় আছেন তার অসংখ্য ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা। তবে আইনি ও চিকিৎসাজনিত প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার দেশে আনা সম্ভব হচ্ছে না কারিনার মরদেহ। আগামীকাল রোববার ভারত থেকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ জানান, "মরদেহ প্রিজার্ভ (সংরক্ষণ) সংক্রান্ত কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে। এসব সম্পন্ন করে শনিবার বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব হয়নি। তাই আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আসবে ওরা।" এ সময় মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে সবার কাছে ক্ষমাও চেয়ে নেন এই কিংবদন্তি ফুটবলার।
বেশ কয়েকদিন ধরে লিভারের জটিলতায় ভুগে শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা। পারিবারিক সূত্রে জানা যায়, শুরুতে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত জটিলতায় একপর্যায়ে তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তার ফুসফুসের সংক্রমণের চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টের (প্রতিস্থাপন) প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই রক্তচাপ অস্বাভাবিকভাবে নিচে নেমে গেলে আর তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তার বাবা।
সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনঘনিষ্ঠ ও মজাদার কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সম্ভাবনাময়ী এই তারকার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। সামাজিক মাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন শোবিজের নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা।
