ঢাকা রবিবার, ৭ই জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩


পেশাগত পোশাক ছেড়ে আর্জেন্টিনার জার্সি, আইনজীবী মিঠুন সাহাকে বার কাউন্সিলের নোটিশ


প্রকাশিত:
৭ জুন ২০২৬ ১৯:৫০

পেশাগত পোশাকের পরিবর্তে ভিনদেশি ফুটবল দলের (আর্জেন্টিনা) জার্সি পরে চেম্বারে বসে আইনসেবা দেওয়া এবং জার্সি পরিহিত মক্কেলদের জন্য ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দেওয়ায় অ্যাডভোকেট মিঠুন সাহাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

আজ রোববার (৭ জুন) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে মিঠুন সাহাকে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মিঠুন সাহা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে যে, মিঠুন সাহা আইনজীবীর নির্ধারিত পেশাগত পোশাকের পরিবর্তে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইনসেবা দিচ্ছেন। একই সঙ্গে তিনি আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে আসা মক্কেলদের জন্য ‘অর্ধেক ফি’ নেওয়ার বিশেষ অফার ঘোষণা করেছেন।

বার কাউন্সিল বলছে, এই ধরনের আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের আচরণবিধি বা 'ক্যাননস অব প্রফেশনাল কনডাক্ট অ্যান্ড এটিকেট'-এর সুস্পষ্ট লঙ্ঘন। আইনজীবীদের পেশাগত আচরণ সবসময় সুশৃঙ্খল হতে হয় এবং আইনি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাণিজ্যিক অফার বা প্রচারণা আইনজীবীর মর্যাদা ও আচরণের পরিপন্থী।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, মিঠুন সাহার এমন কর্মকাণ্ডে আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনসাধারণের আস্থা নষ্ট হয়েছে। এর আগে বার কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় ব্যক্তিগতভাবে তাঁকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে সতর্ক করলেও তিনি সেই সতর্কবার্তাকে উপেক্ষা করে কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

এই অবস্থায় কেন তাঁর আইনজীবী সনদ (লাইসেন্স) স্থগিত করা হবে না, তা নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছে বার কাউন্সিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।