ঢাকা মঙ্গলবার, ৯ই জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩


ভাইয়ের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ


প্রকাশিত:
৮ জুন ২০২৬ ১৪:৩৮

নিজের ভাইয়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান৷ এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হানের ভাষ্য, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পর আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। তার উপস্থিতিতে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ তুলে তুরিন আফরোজের ভাই শাহ নেওয়াজ আহাম্মদ বাদী হয়ে ২০২৪ সালের ১২ ডিসেম্বর আদালতে মামলাটি করেন। অভিযোগের সত্যতা পেয়ে গত বছরের ২৩ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মমিনুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক সাক্ষ্য পর্যালোচনা ও ঘটনার পারিপার্শ্বিকতায় তুরিন আফরোজ কর্তৃক অজ্ঞাতনামা লোকজন নিয়ে তার মায়ের বাসায় অনধিকার প্রবেশের সত্যতা পাওয়া যায়৷ পরে আসবাবপত্র ভাঙচুর করে তার মায়ের কাছ থেকে জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন তিনি। প্রতারণার উদ্দেশে জাল-জালিয়াতির মাধ্যমে হলফনামা তৈরি করেন। এ ছাড়া, মামলার বাদী ও তার মাকে প্রাণনাশের হুমকি দেন। তদন্তে তার বিরুদ্ধে পেনাল কোডের ৪৪৮/৪২৭/৩৮০/৩৮২/৪২০/৫০৬ ধারার অপরাধ প্রমাণিত হয়।