অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে আটক হওয়া অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আদালতে না পাঠিয়ে সরাসরি সীমান্ত চৌকিতে (বিওপি) পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কড়া নির্দেশনার কথা জানান।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, হাওড়ায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনার এবং আরপিএফকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে—হাওড়া স্টেশন থেকে সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন)-এর আওতাভুক্ত নন এমন কোনো অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের আর আদালতে পাঠানোর প্রয়োজন নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আটক ব্যক্তিদের ভালোভাবে খাওয়াদাওয়া করিয়ে সোজা বনগাঁ-পেট্রাপোল অথবা বসিরহাট সীমান্ত চৌকিতে (বিওপি) পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’ উল্লেখ্য, এসব সীমান্ত চৌকি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর নিয়ন্ত্রণে থাকে। তবে আটকদের সীমান্ত চৌকিতে হস্তান্তরের পর বিএসএফ পরবর্তী কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।
এর আগে গত বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তার সরকার অবৈধ বাংলাদেশিদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করেছে। আটকদের বিএসএফ-এর হাতে তুলে দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।
উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর অধীনে প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকলেও, ওই তালিকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত নন। মুখ্যমন্ত্রীর এই নতুন নির্দেশনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদারের বিষয়টি আলোচনায় এসেছে।
