ঢাকা রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩


চূড়ান্ত হলো বিসিবির ভোটের দিনক্ষণ: ৭ জুন নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২০ মে


প্রকাশিত:
১৬ মে ২০২৬ ১৯:২২

অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। এদিনই নির্ধারিত হবে কারা বসছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আগামী দিনের চেয়ারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয় থেকে নিজেদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর সংগৃহীত মনোনয়নপত্রগুলো বাছাই শেষে ২৩ মে প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

পরের দিন অর্থাৎ ২৪ মে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর কারও কোনো আপত্তি থাকলে তা গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা চাইলে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন। ওই দিনই দুপুর ২টায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

এ ছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের জন্যও আবেদন করতে হবে প্রার্থীদের। ব্যালট পাঠানোর এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদে মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।

বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবারের মতো এবারও মোট ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন এবং ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে ১ জন প্রতিনিধি নির্বাচিত হয়ে বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা করে নেবেন।