ঢাকা মঙ্গলবার, ৯ই জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩


টানা চারবার ফলেছে ভবিষ্যদ্বাণী, ২০২৬ বিশ্বকাপ ট্রফিও কি যাচ্ছে স্পেনের শোকেসেই?


প্রকাশিত:
৮ জুন ২০২৬ ১৫:৩৫

ফুটবল বিশ্বকাপ আসা মানেই মাঠের লড়াইয়ের আগে শুরু হয় ভবিষ্যদ্বাণীর মহোৎসব। কখনো অক্টোপাস পল, কখনোবা আধুনিক সুপারকম্পিউটার—ভক্তদের কৌতূহলের শেষ থাকে না। তবে সব ধরনের ভবিষ্যদ্বাণীকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘ইএ স্পোর্টস’ (EA Sports)। কারণ, গত চারটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়ে তাদের করা আগাম ঘোষণা অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবার ২০২৬ বিশ্বকাপ নিয়েও নিজেদের রায় জানিয়ে দিয়েছে তারা। তাদের সিমুলেশন অনুযায়ী, আসন্ন আসরে বিশ্বজয়ের উল্লাসে মাতবে স্পেন।

ইএ স্পোর্টস তাদের জনপ্রিয় গেম ‘ইএএফসি ২৬’ (EAFC 26)-এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের একটি পূর্ণাঙ্গ সিমুলেশন পরিচালনা করেছে। এতে বর্তমান বিশ্বের ফুটবলারদের ব্যক্তিগত পারফরম্যান্স, রেটিং, দলের কৌশল এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাজার হাজার ভার্চ্যুয়াল ম্যাচের তথ্য বিশ্লেষণ করে ইএ স্পোর্টসের কম্পিউটার সিস্টেমে চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।

ইএ স্পোর্টসের এই পূর্বাভাসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তারা স্পেনকে চ্যাম্পিয়ন বলেছিল, জিতেছিল স্পেনই। এরপর ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের কথা তারা টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিল। টানা চারটি আসরে তাদের সিমুলেশন সঠিক প্রমাণিত হওয়ায় এবারও ফুটবল বিশ্বে শোরগোল পড়ে গেছে।

সিমুলেশন অনুযায়ী, লামিনে ইয়ামাল, পেদ্রি এবং রদ্রিদের মতো তারকাদের নিয়ে গড়া বর্তমান স্পেন দলটি অন্য সব দলের চেয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে তরুণ তুর্কি লামিনে ইয়ামালের ফর্ম স্পেনের জয়ের পথে বড় ভূমিকা রাখবে বলে আভাস দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ইয়ামাল ঘোষণা দিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি দাড়ি-গোঁফ রাখবেন। অন্যদিকে, ইরাকের সঙ্গে সাম্প্রতিক ড্র সত্ত্বেও স্পেন কোচ জানিয়েছেন, তারা বিশ্বকাপের মূল মঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত।

যদিও ইএ স্পোর্টসের সাফল্যের হার ১০০ শতাংশ, তবুও ফুটবল বোদ্ধারা মনে করিয়ে দিচ্ছেন যে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারিত হবে মাঠের ঘাসেই। প্রতিকূল পরিস্থিতি, ইনজুরি এবং মাঠের স্নায়ুচাপ অনেক সময় বড় বড় পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে দেয়।

তবে পরিসংখ্যান এবং ইতিহাসের পুনরাবৃত্তি যদি ঘটে, তবে ২০২৬ সালের জুলাইয়ে ট্রফিটা রদ্রি-ইয়ামালদের হাতেই উঠতে যাচ্ছে—এমন স্বপ্নে বিভোর এখন স্প্যানিশ সমর্থকরা। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের এখন একটাই প্রশ্ন, ইএ স্পোর্টস কি পারবে তাদের সাফল্যের ধারা বজায় রেখে ‘পাঞ্চাশে পাঁচ’ করতে?