ঢাকা রবিবার, ১০ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩


ফের বিচ্ছেদ: আবু ত্বহা আদনানের দ্বিতীয় দফার সংসারও টিকল না কেন


প্রকাশিত:
১০ মে ২০২৬ ১৪:৫৫

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার বৈবাহিক সম্পর্কের আবারও ইতি ঘটেছে। দ্বিতীয় দফায় ঘর বাঁধার মাত্র চার মাসের মাথায় আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি। শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা নিজেই গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

সাবিকুন নাহার সারা জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে তারা চূড়ান্তভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সারা বলেন, “আমরা নতুনভাবে সংসার শুরু করার আপ্রাণ চেষ্টা করেছিলাম। দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে সেই সম্পর্ক আর টিকল না। গত রমজানের চাঁদরাতেই আমাদের বিচ্ছেদ হয়ে যায়।”

আবু ত্বহা ও সারার বৈবাহিক জীবন গত কয়েক বছর ধরে বেশ নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ হয়। তবে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের দীর্ঘদিনের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর তারা দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দফার এই পুনর্মিলন মাত্র চার মাস স্থায়ী হলো।

বিচ্ছেদের বিষয়টি সাবিকুন নাহার সারা প্রকাশ্যে আনলেও এ বিষয়ে এখন পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রংপুরের সন্তান আবু ত্বহা মুহাম্মদ আদনান ২০১৭ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপটে তার ব্যতিক্রমী বক্তব্যগুলো তরুণ প্রজন্মের মধ্যে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তবে ব্যক্তিগত জীবনের এই বারবার বিচ্ছেদের খবর তার ভক্ত ও অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই বক্তার ব্যক্তিগত জীবনের সংকট নিয়ে নেটিজেনদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।