ঢাকা শনিবার, ২৩শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ঢাকায় বৃষ্টি কেন ভোগায়? সমাধানে করণীয় শীর্ষক নগর সংলাপ অনুষ্ঠিত


প্রকাশিত:
২৩ মে ২০২৬ ১৫:৫৪

রাজধানীর জলাবদ্ধতা ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে “ঢাকায় বৃষ্টি কেন ভোগায়? সমাধানে করণীয়” শীর্ষক এক নগর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০:৩০টায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ড্রেন ও খালে বর্জ্য না ফেলা এবং নগর ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক কবিরুল বাশার এবং প্রকৌশলী-পরিকল্পনাবিদ মোঃ নুরুল্লাহ। এছাড়া নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পরিবেশ বিশেষজ্ঞ, কীটতত্ত্ববিদ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

মূল প্রবন্ধ উপস্থাপক প্রকৌশলী-পরিকল্পনাবিদ মোঃ নুরুল্লাহ তার উপস্থাপনায় বলেন, ঢাকার জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত নগরায়ণ, সমন্বয়হীন ড্রেনেজ ব্যবস্থা এবং জলাভূমি ও খাল দখল। তিনি উল্লেখ করেন, জাইকা প্রণীত “ক্লিন ঢাকা মহাপরিকল্পনা (২০০৫-২০১৫)” এবং ঢাকা ওয়াসার “র্স্টোম ড্রেনেজ মাস্টার প্লান” যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে।

তিনি বলেন, ঢাকার প্রাকৃতিক খাল ও পুকুর ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ধারণক্ষমতা কমে গেছে। একই সঙ্গে অপরিকল্পিত ড্রেন নির্মাণ, সঠিক স্লোপ না থাকা, অপর্যাপ্ত আউটলেট, নদীর তলদেশে পলি জমে ব্যাক ফ্লো সৃষ্টি এবং ড্রেনেজ ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব জলাবদ্ধতার বড় কারণ।
প্রকৌশলী-পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ আরও বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের জন্য সমন্বিত ড্রেনেজ মহাপরিকল্পনা প্রণয়ন, খাল পুনরুদ্ধার, জলাভূমি সংরক্ষণ, ড্রেনেজ সার্কেল গঠন এবং নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত না করলে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না।

অধ্যাপক কবিরুল বাশার তার আলোচনায় বলেন, জলাবদ্ধতার কারণে মশার প্রজনন বেড়ে যায় এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তিনি জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

সংলাপে বক্তারা বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে শুধু তাৎক্ষণিক ড্রেন পরিষ্কার নয়, বরং সমন্বিত নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন, জলাশয় সংরক্ষণ এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় জরুরি। তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার আহ্বান জানান।